রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি একে ২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুরে র্যাবের কক্সবাজার সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি, ইলিয়াছ, সাহেদ, মো. আয়াছ ওরফে আজিজুল ও সাইফুল ইসলাম। এর মধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা। বাকি তিনজন বাংলাদেশের নাগরিক।
র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, কক্সবাজারের উখিয়া বালুখালীতে আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন সাধারণ মানুষকে বন্ধক ও কিস্তিতে ইয়াবা দিত। সময়মতো যদি টাকা আদায় করতে না পারত তাহলে বন্ধক রাখা ব্যক্তিকে নির্যাতন ও হত্যা করা হতো। একসময় সরকারি একটি সংস্থা নবী হোসেনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। এর পর থেকে র্যাবের গোয়েন্দা সংস্থা কাজ শুরু করে। পরে নবী হোসেন গ্রুপের হাতে নির্যাতিদের সঙ্গে কথা বলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।