কুতুবদিয়া উপকূল থেকে ১৭ জেলে উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে সাগর উপকূল থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের একটি দল। আজ রবিবার (২৮ আগস্ট ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২৪ আগস্ট এফ ভি 'মা-বাবার দোয়া-২' নামক একটি ফিশিং ট্রলার ভোলা তজুমুদ্দিন এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গেলে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। গতকাল শনিবার বিকেলে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জাতীয় হেল্প লাইন ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনকে অবহিত করে। কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়াকে বিষয়টি অবগত করা হয়। 'কুতুবদিয়া'র অধিনায়ক লে. কমান্ডার আমিনুল সাজ্জাদ উদ্ধার অভিযান পরিচালনা করে ফিশিং বোটসহ ১৭ জন জেলেকে উদ্ধার করেন। তিনি জানান, পরে জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

কোস্ট গার্ড জানায়, ফিশিং বোটের মালিকের সাথে যোগাযোগ করে বোট এবং জেলেদের কুতুবদিয়া চ্যানেলের কাছাকাছি নিরাপদ স্থানে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।