করটিয়া হাটের ভিটা বরাদ্দে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটে ৫৮৫ টাকার একেকটি ভিটা লক্ষাধিক টাকায় ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট টিম টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটে অভিযান পরিচালনা করে সত্যতা পায় বলে নিশ্চিত করেন দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।

এর আগে গত ১৯ জুন দেশ রূপান্তরে ‘হাটের ৫৮৫ টাকার ভিটা পাঁচ লাখ টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি খোঁজ নিতে শুরু করে দুদক।

দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘তদন্তে দেখা গেছে, সরকারি চাকরিজীবী, স্থানীয় প্রভাবশালী নেতারা ভিটা বরাদ্দ পেয়েছেন। এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবরে দ্রুত প্রতিবেদন দাখিল করবে।’