নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জের ফতুল্লার আকবর নগরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

সোমবার (২৯ আগস্ট) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ওপর হামলা ও ককটেল ফাটানো হয়।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সামেদ আলী বাহিনীর সঙ্গে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর সমর্থিত জাকির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় গ্রুপকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। তবে চেয়ারম্যান সমর্থিত জাকির বাহিনী পুলিশের ওপর ককটেল বিস্ফোরণসহ ইট, টেটা ছুড়ে মারে। এ সময় পুলিশ আত্নরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও জাকির বাহিনীর সদস্যরা ইট ভাটার ভেতরে থেকে আক্রমণ করছেন।