রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে হাসিনুর রহমান নামের এক ব্যক্তি ও অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুদ্দিন আহম্মেদ (তারেক)।
আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চত করেছেন আদালতের বেঞ্চ সহকারি নুরুল ইসলাম কাকন।
মামলার আইনজীবী অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব জানান, বেলা সাড়ে ১১টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করলে বিচারক তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানাগেছে, মামলার ১ নং আসামি হাসিনুর রহমান সাবেক সেনা কর্মকর্তা সত্ত্বেও তিনি বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে নেত্র নিউজ নামক অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা মানহানিকর ভিডিও প্রচার করে আসছে। এই মিথ্যা অপপ্রচার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযোদ্ধা ও জনসাধারণের অনুভূতিতে আঘাত হেনেছে।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর মামলা প্রসঙ্গে বলেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকাকালীন একটা গ্রুপ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। দেশ বিরোধী বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। বিদেশে লুকিয়ে গিয়ে দেশের সার্বভৌমত্ব, দেশের উন্নয়ন, জাতীয় নেতাদের নিয়ে কটূক্তি করছে। আমরা মনে করি এদের আইনের আওতায় আনা উচিত।