বগুড়ায় বাফার গুদামে নকল সন্দেহে ২৩৮ মেট্রিক টন সার খালাস বন্ধ

চট্টগ্রামের বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) থেকে বগুড়া বাফার গুদামে আসা ১৭ ট্রাকের ২৩৮ মেট্রিক টন সার নকল ও ভেজাল সন্দেহে খালাস বন্ধ করা হয়েছে।

সোমবার সকালে ৭ ট্রাক ও মঙ্গলবার ১০ ট্রাক টিএসপি সার খালাস বন্ধ করা হয়।

সারগুলো পরীক্ষার জন্য তিন সদস্যর তদন্ত কমিটি চট্টগ্রাম থেকে বগুড়ায় এসে নমুনা সংগ্রহ করেছে।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া বাফার গুদাম ইনচার্জ মো. মোস্তফা কামাল।

বগুড়া বাফারে আসা ১৭ ট্রাকে ৪ হাজার ৭৬০ বস্তায় মোট সার রয়েছে ২৩৮ মেট্রিক টন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- চট্টগ্রামের পতেঙ্গা টিএসপি কমপ্লেক্সের উপপ্রধান রসায়নবিদ রেজাউল হক, ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আওয়াল হোসেন।

বগুড়া বাফার সূত্রে জানা যায়, সোমবার সকালে চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে সাতটি ট্রাক বগুড়ায় পৌঁছায়। ট্রাকগুলো ৯৮ হাজার কেজি টিএসপি সার আসে। প্রতিটি ট্রাকে ২৮০টি বস্তা সার রয়েছে। এদিন সকালে ট্রাক থেকে ২৪ বস্তা সার নামানো হয় পরীক্ষার জন্য।

এ সময় সারগুলো নকল ও ভেজাল মনে হয় কর্তৃপক্ষের কাছে। এরপর সারসহ সাতটি ট্রাক খালাস বন্ধ করে রাখা হয়।

পরবর্তীতে মঙ্গলবার সকালে একই স্থান থেকে আরও দশ ট্রাক সার আসে। সেগুলোও নকল সন্দেহে খালাস বন্ধ করা হয়েছে। পরে আসা ওই দশ ট্রাকে ১৪০ মেট্রিক টন সার আছে।

বাফার গুদাম ইনচার্জ মোস্তফা কামাল বলেন, বিষয়টি চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সারগুলো পরীক্ষা করার জন্য চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি টিম বগুড়ায় এসেছে। পরীক্ষার পর সারগুলো সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। সারগুলোর পরিবহন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএইচআর করপোরেশন।

মঙ্গলবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা বলেন, আমরা সারের নমুনা নিয়ে যাব। আমাদের ল্যাবে নিয়ে পরীক্ষা করব। পরীক্ষা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব ফলাফল যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরীক্ষা করলেই নকল নাকি ভেজাল মেশানো বা ভালো তা নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তারা।

এ বিষয়ে সোমবার রাতে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক জানান, বগুড়া বাফারেরে পক্ষ থেকে অভিযোগ আসে যে, চট্টগ্রাম থেকে ট্রাকে টিএসপি সার বগুড়া বাফারের দিকে রওনা দেয়। পথে কোনো এক জায়গায় সারভর্তি ট্রাকটি থেমে নকল সার ভর্তি করে বগুড়া বাফারের দিকে যাচ্ছে। এমন সংবাদ জানতে পারেন বগুড়া বাফারের ইনচার্জ মোস্তাফা কামাল।

এর আগে সোমবার বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের তত্ত্বাবধানে সারের নমুনা সংগ্রহ করা হয় এবং মঙ্গলবার সকালে রাজশাহীতে সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়েছে।