যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের টাউন অব বেথেলের হোয়াইট লেকে ডুবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষূ অবস্থায় আরও একজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সময় রবিবার (২৯ আগস্ট) এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার পেড্ডা গ্রামের রুহুল আমিনের বড় মেয়ের স্বামী আফরিদ হায়দার (৩৩) এবং তার ছোট ছেলে বাছির আমিন (১৮)। মৃত আফরিদ হায়দারের গ্রামের বাড়ি নোয়াখালীতে। রুহুল আমিনের ছোট মেয়ে নাছরিন আমিন মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউইয়র্কস্থ বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক বদরুল হক আজাদ জানান, শনিবার রুহুল আমিন পুরো পরিবার নিয়ে টাউন অব বেথেলে অবসর যাপনে যান। রবিবার দুপুরে রুহুল আমিনের মেয়ের জামাই আফরিদ পাশের হোয়াইট লেকে গোসল করতে নামেন। এসময় হঠাৎ করেই আফরিদ পানিতে তলিয়ে যায়। দুলাভাই আফরিদকে বাঁচাতে শ্যালক বাছির এগিয়ে যায়। তাদের দুইজনকে বাঁচাতে এগিয়ে যান রুহুল আমিনের ছোট মেয়ে নাছরিন।
তবে তাদের কেউ জানতেন না পানি এত গভীর। এতে সাঁতার না জানায় তলিয়ে যান তারা। লেকের পাড় থেকে মেয়ের জামাই, নিজের ছেলে-মেয়েকে বাঁচাতে ঝাপিয়ে পড়েন রহুল আমিনের স্ত্রী রাহেলা আমিন। তবে ততক্ষণে পানিতে তলিয়ে যায় ওই তিনজন। নিহত দুজনকে নিউইয়র্কেই দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।