আগামী ৩০ সেপ্টেম্বর থিয়েটারে মুক্তি পাচ্ছে পরিচালক জুটি পুষ্কর-গায়ত্রীর নতুন ছবি 'বিক্রম ভেদা'। ২০১৭ সালের দক্ষিণের সুপারহিট ছবি (বিজয় সেতুপতি এবং আর মাধবন অভিনীত) বিক্রম ভেদার গল্পের বলিউডি এই সংস্করণে অভিনয় করেছেন সাইফ আলি খান এবং হৃত্বিক রোশন। এখানে এন্টি-হিরো হৃত্বিকের মুখোমুখি হবেন পুলিশ অফিসার সাইফ আলি খান।
গত ২৪ আগস্ট মুক্তি পায় বলিউডি 'বিক্রম ভেদা'র টিজার। আর মুক্তির পরই আলোচনায় উঠে আসে ছবিটি। বর্তমানে টালমাটাল বলিউড বয়কটের সময় এই টিজার দেখে অনেকে আশাবাদী হচ্ছেন। কারণ এই টিজারটি বিভিন্ন প্ল্যাটফর্মে এর মধ্যেই প্রায় ৩ কোটি দর্শক দেখেছেন। এবং এদের মধ্যে প্রায় ১১ লাখ লোক এটিকে 'লাইক' করেছেন। ইউটিউবে এই টিজারের নিচে পড়েছে প্রায় এক লাখ মন্তব্য।
এতেই আবেগাপ্লুত হন মূল দুই অভিনেতা সাইফ আলি খান এবং হৃত্বিক রোশন।
হৃত্বিক লেখেন, টিজারটি ছিল একটি ছোট্ট ঝলক। আমাদের পুরো টিমের কাজের একটি সামান্য নমুনা। যে সাড়া পাওয়া গেছে তা সত্যিই আমাদের অভিভূত করেছে। বলা হচ্ছে, এটিই সবচেয়ে অধিক পরিমাণে দেখা কোনো ছবির টিজার। আমরা কবে ছবিটি নিয়ে দর্শকদের সামনে যাব- সেই প্রত্যাশাই করছি।
সাইফ আলি খান বলেন, এটা ভেবে ভালো লাগছে যে বিক্রম ভেদার টিজারটি দর্শকরা খুব পছন্দ করেছেন এবং এতে প্রায় ১১ লাখ দর্শক 'লাইক' দিয়েছেন। আমাদের কঠোর পরিশ্রম এবং ভালোবাসার প্রকাশ ঘটেছে এই ছবিতে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটির জন্য- এটা ভাবতেই ভালো লাগছে। সূত্র : হিন্দুস্তান টাইমস