দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারালো বাংলাদেশ

দুইজন ওপেনার নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করা হয়েছিল। শেষ মুহূর্তে নাঈম শেখ আসায় তিন ওপেনার পায় বাংলাদেশ। লিটনে চোটে তরুণদের সামনে তাই সুযোগ ছিল বড় মঞ্চে নিজেকে প্রমাণের। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই ব্যর্থ হয়েছেন ওপেনার নাঈম শেখ।

ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের জার্সি গায়ে সেঞ্চুরি করা নাঈম ৬ রান তুলতেই আউট হয়ে গেছেন। ফেরার আগে ৮ বল খেলে গেছেন। রানের খাতা যদিও চার মেরেই খুলেছিলেন। 

দ্বিতীয় ওভারে এসেছিলেন মুজিব উর রহমান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে দিয়েছিলেন নাঈম, স্ট্রাইক ফিরে পান শেষ বলে। সেটিতেই ফিরতে হলো তাঁকে। মুজিবের বল থেমে থেমে আসছিল, ভেতরের দিকে ঢোকা বলটিতে ব্যাট চালিয়ে নাগাল পাননি তিনি। ব্যাট ও প্যাডের মাঝে বি-শা-ল ফাঁক রেখে খেলতে গিয়ে মিস করে হয়েছেন বোল্ড। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে তখন রান ছিল ৭।