আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময় অনুষ্ঠিত এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন। খুলনা ও রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এছাড়া অন্যত্র শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করেছে দলটি। মানববন্ধনে বক্তারা দলীয় নেতাকর্মীদের গুম হওয়ার জন্য সরকারকে দায়ী করেন। তারা বলেন, বিরোধী মতকে দমন করতেই সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতনের পাশাপাশি গুম-খুনের মতো জঘন্য পথ বেচে নিয়েছে। অবিলম্বে গুমের শিকার ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান তারা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
বরিশাল : সকালে নগরের সদর রোডের অশি^নী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করে মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ প্রমুখ।
নেত্রকোনা : সকাল ১০টার দিকে ছোট বাজারের দলীয় কার্যালয়ের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মানববন্ধন করে জেলা বিএনপি। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, ‘বিরোধী মতকে দমন করতেই সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিএনপির নেতাকর্মীদের গুম-খুনের মতো জঘন্য পথ বেছে নিয়েছে। অবিলম্বে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।’
রাজবাড়ী : পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপির মানববন্ধনে পুলিশ বাধা দিলে আজাদী ময়দানে কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
জামালপুর : সকালে পৌর শহরের শফি মিয়ার বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে ‘ফিরিয়ে দাও আমাদের হারিয়ে যাওয়া স্বজনদের’ সেøাগানে মানববন্ধন পালন করে জেলা বিএনপি। জেলা শাখার সহসভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
টাঙ্গাইল : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় মানববন্ধনের আয়োজন করে জেলা বিএনপির নেতাকর্মীরা। মানববন্ধনে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু। জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহিন, আশরাফ পাহেলী, সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আনিছুর রহমান প্রমুখ।
জয়পুরহাট : বেলা ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। জেলা বিএনপির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ শামসুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল, শহর বিএনপির আহ্বায়ক মতিয়ার রহমান প্রমুখ।
খাগড়াছড়ি : সকালে শহরের আদালত সড়কে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা বিএনপি। এ সময় বক্তারা বলেন, ‘ইলিয়াছ আলী, চৌধুরী আলম, পারভেজ মোল্লা, নুর হোসেন হিরুসহ ৭০০-এর বেশি বিএনপি নেতাকর্মীকে গুম করেছে আওয়ামী লীগ সরকার। অবিলম্বে গুম হওয়াদের ফেরত দেওয়ার দাবি জানাই।’
বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ প্রমুখ।
খুলনায় পুলিশের বাধা : এদিন বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ সড়কের দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। তবে সকাল ৯টার পর কে ডি ঘোষ সড়কের থানার মোড় থেকে শুরু করে বিএনপি অফিস এবং সংলগ্ন সড়ক ও ফুটপাত দখল নিয়ে বিপুলসংখ্যক পুলিশ গোটা এলাকা অবরুদ্ধ করে রাখে।
সকাল পৌনে ১১টার দিকে মহানগর ও জেলা বিএনপির নেতারা দলীয় কার্যালয় থেকে নেমে সামনের ফুটপাতে অবস্থান নিলে পুলিশ তাদের ঘিরে ফেলে। আশপাশ থেকে নেতাকর্মীরা কর্মসূচিস্থলে আসতে চাইলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় নেতাদের সঙ্গে পুলিশের কয়েক দফা বাগ্বিত-া হয়। পুলিশের বাধার মধ্যেই কয়েকশ নেতাকর্মী মানববন্ধন শুরু করেন। স্বল্প সময়ের জন্য অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা।