মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় আহত দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ঢুকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাপাতি ও চায়নিজ কুড়াল উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় মো. রানা (২৮) ও মো. ফয়সালকে (২২) ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়। আহতদের বাড়ি উপজেলার বেজগাঁও গ্রামে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে আহত ফয়সালের বাবা মো. মান্নান দেওয়ান বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেছেন। পরে বিকেলে মামলার প্রধান আসামি উপজেলার বেজগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বেজগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম হোসেনের ছেলে বিশালের নেতৃত্বে গত সোমবার সন্ধ্যায় উপজেলার ছনবাড়ি চৌরাস্তায় হামলা চালিয়ে রানা ও ফয়সালকে মারধর করা হয়। আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানকার জরুরি বিভাগে চিকিৎসা চলাকালে রাত সাড়ে ৮টার দিকে ইউপি সদস্য সেলিমের নেতৃত্বে ১০-১২ জন ধারালো অস্ত্রশস্ত্রসহ ফের হামলা চালায়। এ সময় তারা আহত দুজনকে এলোপাতাড়ি কোপায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তোহা শাকিল বলেন, হাসপাতালে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। পুলিশকে তা দেওয়া হবে।