জব্দ মালামাল সংরক্ষণে নিষ্ক্রিয়তা নিয়ে রুল

আদালত প্রাঙ্গণ (মালখানা) ও থানা এলাকায় জব্দ মালামাল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা নিয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে জব্দ করা মালামাল কীভাবে সংরক্ষণ করা হয় জানতে চেয়েছে হাইকোর্ট। ছয় মাসের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেয়।

রুলে মালখানা ও থানায় অনিরাপদভাবে রাখা জব্দ মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়েছে আদালত। আইন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।