ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফের গ্রেপ্তার হয়েছেন সুনামগঞ্জের শাল্লা এলাকার ঝুমন দাস।
সাম্প্রতিক একটি পোস্টকে ঘিরে মঙ্গলবার সকালে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাড়ি থেকে পুলিশ ঝুমন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাতে পুলিশ বাদী হয়ে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুমন মিয়া রাত পৌনে ২টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গত ২৮ অগাস্ট বিকেলে ফেইসবুকে একটি ‘উসকানিমূলক’ পোস্ট দেন ঝুমন। এ ঘটনায় তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর আটক দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
২০২০ সালের ১৫ মার্চ হেফাজতে ইসলামের তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ফেইসবুক পোস্টে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলেন ঝুমন দাস।
এর দুই দিন পর নোয়াগাঁও গ্রামে হেফাজতে ইসলামের ব্যাজ মাথায় নিয়ে ‘হেফাজতের অ্যাকশন, মামুনুলের অ্যাকশন, বাবু নগরীর অ্যাকশন’ স্লোগান দিয়ে হামলা চালানো হয়। হাজারো মানুষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, লুটপাট ও ভাঙচুর করে।
সে সময় পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে ঝুমনকে কারাগারে পাঠায়। পরে জামিনে মুক্ত হন ঝুমন।
তাছাড়া পুলিশ ও এলাকাবাসী বাদী হয়ে হেফাজত অনুসারী দেড় হাজার লোকের বিরুদ্ধে মামলা করে।
শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আগের মামলায় ঝুমন দাস জামিনে আছেন। তার গ্রামে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে দিরাই ও শাল্লা থানা পুলিশকে টহলে পাঠানো হয়েছে।