এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের শ্রীলংকার বিপক্ষে জিতে সুপার ফোরে যেতে চায় বাংলাদেশ। মরণ-বাঁচন ম্যাচের আগে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে। লংকান অধিনায়ক দাসুন শনাকার মতে বাংলাদেশ দলে দুজন বোলার দেখেছিলেন। জবাবে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন মাঠেই প্রমাণ হবে।
এবার জবাবের তালিকায় যোগ দিলেন খালেদ মাহমুদ সুজনও। শ্রীলংকা দলে কোনো বোলার চোখে পড়ছে না টাইগারদের টিম ডিরেক্টরের।
শ্রীলংকার বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে মাহমুদ বলেন, ‘শনাকা কেন এমন বলেছে জানি না। শুনলাম ও বলেছে সাকিব আর মুস্তাফিজুর ছাড়া আমাদের দলে কোনো বোলার নেই। আমি তো শ্রীলংকা দলে কোনো বোলারই দেখতে পাচ্ছি না। আমাদের তাও অন্তত দুজন আছে। ওদের দলে সাকিব, মুস্তাফিজুরের মাপের কোনো বোলারই নেই।’
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। শ্রীলংকাকেও হারিয়ে দিয়েছে আফগানিস্তান। গ্রুপ ‘বি’-র যা অবস্থা তাতে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে যে জিতবে সেই চলে যাবে পরের পর্বে।
সেই ম্যাচের আগে শনাকা বলেছিলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশের মুস্তাফিজুর বেশ ভাল বোলার। সাকিব বিশ্বমানের ক্রিকেটার। ওরা দুজন ছাড়া বাংলাদেশ দলে আর কোনো বিশ্বমানের বোলার নেই। আমাদের গ্রুপে আফগানিস্তান তুলনায় কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে সহজ।’