টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও দেড় মাস বাকি। সব দলই স্কোয়াড সাজানোর পরিকল্পনায় ব্যস্ত। তবে সবার আগে দল ঘোষণা করেছে আয়োজক দেশ অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়নরা চমক হিসেবে দলে নিয়েছে সময়ের আলোচিত টি-টোয়েন্টি ব্যাটার টিম ডেভিড। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি, সেটাও আবার বিশ্বকাপ দিয়েই।
সর্বোচ্চ পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ জিতলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ কিছুতেই ধরা দিচ্ছিল না। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে সপ্তম আসরে শিরোপা জিতেই সেই আক্ষেপ মিটিয়েছে অস্ট্রেলয়া। ঘরের মাঠে প্রায় সেই দল খেলবে ট্রফি ধরে রাখার লড়াইয়ে। শুধুমাত্র সেই দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার মিচেল সোয়েপস। তার জায়গায় নতুন সংযোজন হার্ডহিটার ব্যাটার টিম ভেভিড।
বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন টিম। প্রায় সবখানেই এখন হটকেক এই ‘অজি’ ব্যাটার। ধারবাহিক পারফর্মেন্সে অস্ট্রেলিয়া জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন বেশ কয়েকদিন ধরেই, অবশেষে অজিদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের নামার দরজা খুলে গেল টিমের জন্য।
চলতি মাসের ২০ থেকে ২৬ তারিখ ভারতে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ওই সিরিজেই অভিষেক হতে পারে টিমের। শেষ দুই বছরে ৮৬টি টি-টোয়েন্টি খেলেছেন টিম। ব্যাট ঝড় তুলতে পছন্দ করা টিম এ সময়ে রান করেছেন ১৮৭৪, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৬৮.৪০!
শেষ চার ওভারে যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন অজিদের হয়ে বিশ্বকাপ মাতানোর অপেক্ষায় থাকা এই ডানহাতি ব্যাটার। ১৬-২০ ওভারে তার স্ট্রাইক রেট ২০৪.৮০! ব্যাট হাতে প্রতি ৪.৫ মেরেছেন একটি করে বাউন্ডারি। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম খেলবেন না টিম, এর আগেও বেশ কয়েকটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। বাবা ও মা দু’জনেই অস্ট্রেলিয়ান হলেও টিমের সিঙ্গাপুরে। তবে মাত্র দুই বছর বয়স থেকে অস্ট্রেলিয়ার পার্থ বসবাস করেন তিনি।
২০১৯ সালে জুলাইয়ে সিঙ্গাপুরের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। দেশটির হয়ে ১৪টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি। এ সময়ে চারটি ফিফটিসহ ৪৬.৫০ গড়ে ৫৫৮ রান এসেছে তার ব্যাট থেকে। তবে এতে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে কোনো বাধা নেই টিমের সামনে। কারণ, আইসিসি নিয়ম অনুযায়ী সহযোগী দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও, পূর্ণ সদস্য দেশের হয়ে পরেরদিনই খেলতে পারবেন। তবে যে দেশের হয়ে খেলবেন সেই দেশের পাসপোর্ট প্রয়োজন হবে।
টিম ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন। সেখানে বাকিদের সঙ্গে কাড়াকাড়ি করে ১.৫৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে টিমকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ানস। পাকিস্তান সুপার লিগ, ও টি-টোয়েন্টি ব্ল্যাস্টেও ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ওপর টর্নেডো চালিয়েছেন টিম।
অস্ট্রেলিয়ার স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার*, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), টিম ডেভিড, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড ও কেইন রিচার্ডসন।