ফেনীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ফারজানা আক্তার (২৪) নামে এক গৃহবধূ চার সন্তান জন্ম দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালটির গাইনি বিশেষজ্ঞ রোকসানা বেগমের তত্ত্বাবধানে চার নবজাতকের জন্ম হয়। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মধুগ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
তার স্বামী খাগড়াছড়ির রামগড় শহরের একজন মুদি দোকানি।
ডা. রোখসানা বেগম স্বপ্নার তত্ত্বাবধানে ডেলিভারিতে তিন ছেলে ও এক মেয়ের জন্ম হয়।
চার সন্তান জন্ম দেওয়া এ গৃহবধূ দীর্ঘদিন সাবফার্টিলিটিতে ভুগছিলেন বলে জানান তিনি।
ডা. রোখসানা বর্তমানে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট। এ ছাড়া ফেনীর বেসরকারি ডেজ ইউ মডেল হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করেন তিনি।
ডা. রোকসানা বেগম স্বপ্না জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জন্ম নেয়ার পরে ওই চার শিশুকে ফেনীর জেড ইউ মডেল হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে। ওজন স্বাভাবিক থাকায় প্রথম জন্ম নেয়া দুই শিশুকে শুক্রবার (২ সেপ্টেম্বর) মায়ের কাছে দেওয়া হবে। তবে অন্য দুই নবজাতকের ওজন কম থাকায় আরও কিছুদিন এনআইসিইউতে রাখতে হতে পারে।
চার নবজাতকের বাবা আলমগীর বলেন, বিবাহিত জীবনের ছয় বছরেও কোনো সন্তান না হওয়াতে হতাশার মধ্যে ছিলেন তারা। তবে গত ২ বছর ধরে ডা. রোকসানা বেগম স্বপ্না আমার স্ত্রীকে নিয়মিত চিকিৎসা দিয়ে আসছিলেন।
এ জন্য আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। কোনো সমস্যা ছাড়াই চার সন্তানের বাবা হলাম। সবার দোয়া কামনা করছি।
ডা. রোকসানা বেগম স্বপ্না আরো বলেন, আমার তত্ত্বাবধানে ডেলিভারিতে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। চার শিশুর মধ্যে প্রথম জনের ওজন প্রায় ২০০০ গ্রাম, দ্বিতীয় জনের ২১০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ১৫০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ১৩০০ গ্রাম। এখন পর্যন্ত সব বাচ্চাই ভালো আছে।