২ দিন ধরে ডেঙ্গু রোগী কমছে

দেশে টানা দুদিন ধরে ডেঙ্গু রোগী কমছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৯০ জন। গত বৃহস্পতিবার সকালের একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ১৭৬ জন। এর আগের টানা তিন দিন হাসপাতালে রোগীর রেকর্ড হয়েছিল। গত বুধবার রোগী ভর্তি হয়েছিল ২৫১ জন, যা এ বছরের সর্বোচ্চ সংখ্যা ছিল। গত মঙ্গলবার ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৩৭ জন ও গত সোমবার ২০১ জন। অর্থাৎ গত সোমবার থেকে গত বুধবার পর্যন্ত টানা তিন দিন এ বছরের সর্বোচ্চ রোগীর রেকর্ড ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭১ জন এবং ঢাকার বাইরে ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭৭৬ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৬৫২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ১২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ২ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ৬ হাজার ৪৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫ হাজার ৬৪৯ জন। এ সময় মারা গেছে ২২ জন। এ পর্যন্ত ঢাকায় ভর্তি হয়েছে ৫ হাজার ৩০৫ জন এবং হাসপাতাল ছেড়েছে ৪ হাজার ৬৪৩ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১ হাজার ১৪২ জন ও হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৬ জন।

ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে গত আগস্টে সবচেয়ে বেশি ৩ হাজার ৫২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ও মারা গেছে ১১ জন। এর আগে গত জুলাই মাসে রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৫৭১ জন ও মারা গেছে ৯ জন। জুন মাসে ভর্তি হয়েছে ৭৩৭ জন ও মারা গেছে ১ জন। মে মাসে ভর্তি হয়েছে ১৬৩ জন।