ফটিকছড়িতে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ রমজানের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে আহত মুহাম্মদ রমজান আলীর (৩৭) মৃত্যু হয়েছে। 

ঘটনার তিনদিন পর শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত রমজান আলী পৌরসভার ২ নং ওয়ার্ডের জিয়াউদ্দীন মিয়াজি বাড়ির আবুল কাসেম গুন্নুর ছেলে।

স্থানীয় পৌর কাউন্সিলর রফিকুল আলম জানান, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ওই ওয়ার্ডের সুরুত আলী টেন্ডলের বাড়ির গোলাম নবী কলোনির ২য় তলায় ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডারের আগুনে রমজান দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।