গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে যোগ দিলেন মার্সেলো

এ বছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল। বিদায়ী ম্যাচে উঁচিয়ে ধরেছেন চ্যাম্পিয়ন্স লিগ সেরার ট্রফি। তারপর আর কোনো ক্লাব রিয়ালের এই কিংবদন্তী মার্সেলোকে নিয়ে আগ্রহ দেখায়নি। এক পর্যায়ে অবসরের পথেও বাড়িয়ে দিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই লেফট ব্যাক। তবে অলিম্পিয়াকোসের আগ্রহে আর সেদিকে যেতে হচ্ছে না তাকে।

এই ব্রাজিলিয়ান অবশেষে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে যোগ দিচ্ছেন। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি লা লিগা শিরোপাসহ সর্বোচ্চ শিরোপা স্পর্শ করা এই তারকা গ্রিক ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করেছেন। দুই পক্ষ সম্মত হলে আরও এক বছর চুক্তির শর্ত রাখা হয়েছে।

মার্সেলোর সঙ্গে চুক্তি করতে পারায় গ্রিক চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস উচ্ছ্বাস প্রকাশ করেছে। এক টুইট বার্তায় লিখেছে, ‘একজন সত্যিকারের কিংবদন্তি আমাদের ক্লাবে যোগ দিচ্ছেন। স্বাগত মার্সেলো।’

ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স থেকে ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্সেলো। ক্লাবটির হয়ে ১৫ বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশ’ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৩৮টি।  তিনি রিয়ালের জার্সিতে সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতেছেন।