ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের একটি নৌ ফ্লোটিলা লোহিত সাগরে দুটি আমেরিকান সামরিক চালকবিহীন গবেষণা ড্রোন জাহাজ আটক করেছে। ইরানের নৌবাহিনীর জামারান ডেস্ট্রয়ার বৃহস্পতিবার লোহিত সাগরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় আন্তর্জাতিক শিপিং রুটে বেশ কয়েকটি আমেরিকান সামরিক মনুষ্যবিহীন গবেষণা ড্রোন জাহাজের মুখোমুখি হয়েছিল।
গতকাল দেশটির রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘ফ্লোটিলা একটি আমেরিকান ডেস্ট্রয়ারকে দুবার সতর্ক করার পরে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দুটি ড্রোন জাহাজ জব্দ করেছে। আন্তর্জাতিক শিপিংয়ের উত্তরণ সুরক্ষিত করার পরে, ফ্লোটিলা দুটি জাহাজকে একটি নিরাপদ এলাকায় ছেড়ে দিয়েছে।’
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ফুটেজে একটি জাহাজ থেকে ইরানি বাহিনীর দুটি ড্রোন জাহাজকে ছেড়ে দেওয়ার দৃশ্যও দেখানো হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, তাদের ড্রোন জাহাজগুলো আশপাশের পরিবেশের ছবি তুলছিল এবং ২০০ দিনেরও বেশি সময় ধরে দক্ষিণ লোহিত সাগরের আশপাশে ছিল।
এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, ‘১ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে (স্থানীয় সময়) মার্কিন ৫ম নৌবহরটি শনাক্ত করে যে ইরানি জাহাজ দুটি মানববিহীন ড্রোন জাহাজের কাছে আসছে এবং তাদের পানি থেকে সরিয়ে নিচ্ছে।’