ব্যর্থ এশিয়া কাপ শেষে কাল সকালে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। এবার কিছুদিন ক্রিকেটের বাইরে থাকার সুযোগ মিলছে তাদের। এশিয়া কাপের ব্যর্থতা ভুলতে এই সময়টা নিশ্চিতভাবেই কাজে লাগাবেন সবাই। এরপর নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততায় পুরোদমে নামতে হবে। ১১ সেপ্টেম্বর থেকে তিন-চার দিনের ক্যাম্প হবে। সেপ্টেম্বরের শেষদিকে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবেন ক্রিকেটাররা।
কাল ৮টা ৫০ মিনিটে দলের সবাই ফিরলেও বাকি ছিলেন মাত্র দুজন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দলের সঙ্গে ফেরেননি। এছাড়া বিদেশি কোচরা সবাই ফিরেছেন নিজেদের দেশে ছুটি কাটাতে। কোনো টুর্নামেন্ট শেষে সাধারণত আসরের ফল নিয়ে বিমানবন্দরে দলের পক্ষ থেকে একজন সংবাদ সম্মেলন করেন। কাল সেই সুযোগটা দেননি দল-সংশ্লিষ্ট কেউ। সংবাদমাধ্যম এড়িয়ে ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর ছেড়েছেন সবাই।
বিদেশি কোচরা ছুটিতে গিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন নিউজিল্যান্ডে। ব্যাটিং কোচ জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটরা ছুটিতে থাকলেও আগামী ১১ সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন নতুন কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। সেদিন থেকে তিন-চার দিনের একটি অনুশীলন ক্যাম্প করবেন ক্রিকেটারদের নিয়ে। এই ক্যাম্পে মূলত নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ বা বিশ্বকাপের কোনো পরিকল্পনা হবে না। এখানে দেশি কোচদের সহায়তায় ক্রিকেটারদের দেখবেন শ্রীরাম। বাংলাদেশে এসেই এশিয়া কাপের ব্যস্ততা থাকায় ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হতে পারেননি এই ভারতীয়। তাই গত কিছুদিনে টি-টোয়েন্টি দলের বাইরে থাকা ব্যাটসম্যান ও পেসারদের দেখবেন শ্রীরাম। এখানে টি-টোয়েন্টি দলের পরিকল্পনায় থাকা এইচপি ও বাংলাদেশ টাইগার্সে থাকা ক্রিকেটাররা থাকবেন। জাতীয় দলের ক্রিকেটাররাও যোগ দেবেন এই ক্যাম্পে। শ্রীরাম নিজে থেকেই বাংলাদেশ ক্রিকেটারদের দেখার আগ্রহ প্রকাশ করেন। শুক্রবার দুবাইতে টিম হোটেলে এ ব্যাপারে নিশ্চিত করেন ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস।
বিশ্বকাপের দল ঘোষণার আইসিসি নির্ধারিত সময় ১৫ সেপ্টেম্বর। এই ক্যাম্পের পরেই বাংলাদেশ দল ঘোষণা করবে। দলে নিশ্চিতভাবেই ফিরবেন নুরুল হাসান সোহান ও লিটন দাস। সেক্ষেত্রে সাব্বির রহমান ও ইয়াসির রাব্বিদের ভবিষ্যৎ কী হবে সেটাই দেখার। এই ক্যাম্পে জাতীয় দলের বাকিরা থাকলেও সাকিব আল হাসান থাকছেন না। কাল দলের সঙ্গে দেশে ফিরলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে দ্রুতই উইন্ডিজ রওনা হবেন সাকিব। ৮ সেপ্টেম্বর তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দ্বিতীয় ম্যাচ। সিপিএলে খেলে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দেবেন সাকিব।