নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্রামের লালন সাধক হারেজ ফকিরকে (৭০) মারধর করে হারমোনিয়াম, তবলা, একতারা, বাঁশিসহ সংগীতচর্চার বিভিন্ন অনুষঙ্গ ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের আয়োজনে নড়াইল প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কু-ুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি আসলাম খান লুলু, মাহবুব-ই-রসুল অরুণ, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু ও শামীমুল ইসলাম টুলু, মূর্ছনা সংগীত নিকেতনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক প্রশান্ত সরকার, চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমান আলী মিলন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সংস্কৃতিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শীতলসহ অনেকে।
বক্তারা বলেন, ‘মৌলবাদীরা বারবার বিভিন্নভাবে বাঙালি সংস্কৃতির ওপর আঘাত হানছে। অবিলম্বে এই মৌলবাদীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’
উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে স্থানীয় ভক্তদের নিয়ে গান পরিবেশন করছিলেন হারেজ ফকির। এ সময় পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি মিয়ার বড় ভাই আলী মিয়া, মিন্টু শেখসহ তার লোকজন হারেজ ফকিরকে মারধর করে বাদ্যযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে।