পেকুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কক্সবাজারের পেকুয়া উপজেলায় গৃহবধূ মর্তুজা বেগমকে (৩৫) তার 'মাদকাসক্ত' স্বামী আবদু শুক্কুর পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা গ্রামে ঘটনাটি ঘটে।

পেকুয়া থানা পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে বাড়ি থেকে বিছানায় শোয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, নিহতের শরীরে গলায়, পেটে, পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. বাদশা মিয়া বলেন, শুক্কুর একজন মাদকাসক্ত ব্যক্তি। দিনমজুরি করে যা পায় তা দিয়ে মাদক গ্রহণ করে। এ বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে কলহ লেগেই থাকতো। শনিবার রাতেও তাদের মাঝে ঝগড়া হয় বলে জেনেছি। সকালে শুক্কুরের স্ত্রীর লাশ নিয়ে যায় পুলিশ।

এদিকে, আবদু শুক্কুর মাদকাসক্তের পাশাপাশি পরকীয়াতেও আসক্ত দাবি করে নিহতের ভাই জসিম উদ্দিন বলেন, একাধিক মেয়ের সাথে শুক্কুরের অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়েও তাদের সংসারে ঝামেলা হত। দফায় দফায় সালিশ-বৈঠক করে তাকে বুঝিয়েও ঠিক করা যায়নি। তার বোন এসব ব্যাপারে প্রতিবাদ করায় রবিবার ভোরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।