ঝিনাইদহ পৌরসভার নির্বাচন ১১ সেপ্টেম্বর

স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

নির্বাচন কমিশনার বলেন, ঝিনাইদহ পৌরসভার নির্বাচনের সকল প্রার্থীকে আচরণবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। আবারও আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। সবকটি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এর আগে চলতি বছরের ১২ জুন একাধিক সংঘর্ষ, আচরণবিধি লঙ্ঘনসহ নানা কারণে সদর পৌরসভা নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। তখন নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল গত ১৫ জুন।