খুলনা কুষ্টিয়া গোপালগঞ্জে হত্যা মামলা

দুই জনের মৃত্যুদন্ড, ২ জনের আমৃত্যু, ১৮ জনের যাবজ্জীবন

ব্যবসায়ী হত্যা মামলায় গোপালগঞ্জে দুজনকে মৃত্যুদন্ড, খুলনার তেরখাদায় চাঞ্চল্যকর বাবা-ছেলে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানহ ১৭ জনকে যাবজ্জীবন, কুষ্টিয়ার খোকসায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় দুজনকে আমৃত্যু এবং এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

গোপালগঞ্জ : ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আলী আকবর হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। উভয় আসামিকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়। গতকাল রবিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, আসামি সুমন মোল্লা ও নুরু ফরাজী ওরফে নুরুল ২০০৮ সালের ২২ মে সন্ধ্যায় পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামে যাওয়ার কথা বলে কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় থেকে আলী আকবরের  মোটরসাইকেল ভাড়া নেন। পরদিন সদর উপজেলার বাজুনিয়ার হাবিবনগর এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে জামিনে গিয়ে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

খুলনা : চাঞ্চল্যকর বাবা-ছেলে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার রায় শোনার জন্য তেরখাদা ছাগলাদাহ ইউনিয়ন থেকে কয়েক হাজার মানুষ আদালত চত্বরে ভিড় করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম, আবদুর রহমান, জমির শেখ, শেখ সাইফুল ইসলাম, খালিদ শেখ, এস্কেন্দার শেখ, জসিম শেখ, হোসেন শেখ, জিয়ারুল শেখ, বাহারুল শেখ, আব্বাস শেখ, অহিদুল গাজী, খাইরুল শেখ, কেরামত মল্লিক, মাহবুর শেখ, বাবু শেখ ও নূর ইসলাম শেখ।

আদালত সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে ২০১৯ সালের ৭ আগস্ট গভীর রাতে তেরখাদা উপজেলার পহরডাঙ্গা গ্রামে দুর্বৃত্তরা নাঈম শেখকে কুপিয়ে হত্যা ও তার বাবা হিরু শেখকে কুপিয়ে জখম করে। পরে হিরু শেখ ২১ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কুষ্টিয়া : খোকসা থানার মোটরসাইকেল চালককে হত্যা ও ছিনতাই মামলায় ফজলু ও মজিবর সেখ নামের দুজনের আমৃত্যু এবং খুশি বেগম ওরফে ফলসী নামের এক নারীর যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে আমৃত্যু সাজাপ্রাপ্ত দুই আসামির অনুপস্থিতি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী আসামির উপস্থিতিতে এই রায় দেন। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদ- দেওয়া হয়।

২০১৩ সালের ১৭ জুলাই খোকসার উত্তর শ্যামপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে নজরুল ইসলাম লতিফের লাশ উদ্ধার করে পুলিশ।