গর্তে জমা পানিতে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

রাজধানীর কদমতলী তুষারধারা এলাকায় নির্মাণাধীন ভবনের পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে নুসরাত আক্তার নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা নাজমুল ইসলাম জানান, তাদের বাড়ি কুমিল্লা লাকসাম উপজেলার কৃষ্ণপুর গ্রামে। বর্তমানে কদমতলি তুষারধারা আবাসিক এলাকায় একটি বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকেন।

পাশেই একটি নতুন ভবন নির্মাণ হচ্ছে। সেখানে একটি গর্তে পানি জমে ছিল। সবার অগোচরে নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। নুসরাতকে দেখতে না পেয়ে তার মা সুমি তাকে খুঁজতে থাকেন। তখন ওই পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন শিশুটিকে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।