এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ১৮১ রান টপকাতে ব্যাট হাতে এক বিধ্বংসী ইনিংস খেলেন মোহাম্মদ নেওয়াজ। তার আগে বল হাতেও নিয়েছেন সূর্যকুমার যাদবের উইকেট। ব্যাটে দারুণ নৈপুণ্যে দেখিয়ে জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
তার পরিচয় মূলত বোলিং অলরাউন্ডার। তবে নেওয়াজকে দিয়ে ব্যাটিংয়েও চমক দেখায় পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট। দুই লেগস্পিনার রবি বিষ্ণুই আর যুজবেন্দ্র চাহালকে সামলাতে চার নম্বরে প্রমোশন দেওয়া হয় এই অলরাউন্ডাকে।
ব্যাট হাতেও বাজিমাত করেন নেওয়াজ। ২১০ স্ট্রাইকরেটে ২০ বলে ৬ চার আর ২ ছক্কায় করেন ৪২ রান। তার ওই ইনিংসেই পাকিস্তান জয়ের পথে এগিয়ে যায়। এর আগে বল হাতে ৪ ওভারে দেন মাত্র ২৫ রান। শিকার করেন একটি উইকেট।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে পাকিস্তানি এই অলরাউন্ডারের হাতে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে টানা চার হারের পর জয়ের নায়ক হিসেবে লেখা হয়ে গেছে নওয়াজের নাম।