অভিষেক আনন্দের রেশ না কাটতেই বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ প্রোটিয়া স্পিনারের

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম

ওয়ানডে অভিষেকের পরদিনই বড় ধাক্কা খেলেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েন। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। বুধবার এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, ম্যাচ অফিশিয়ালদের প্রতিবেদনে সুব্রায়েনের অ্যাকশন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার কেয়ার্নসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে অভিষেক হয় ৩১ বছর বয়সী এই স্পিনারের। দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতে নেয় ৯৮ রানের বিশাল ব্যবধানে। সুব্রায়েন ১০ ওভার বোলিং করে ৪৬ রান খরচায় উইকেট নেন একটি। এর আগে গত জুলাইয়ে টেস্ট অভিষেক হয় তার। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে প্রথম ইনিংসে ৪২ রানে ৪ উইকেট দখল করে নজর কাড়েন তিনি।

তবে আইসিসির নিয়ম অনুযায়ী, অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা কার্যকর হয় না। আগামী ১৪ দিনের মধ্যে তাকে আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। সেখানে বৈধ প্রমাণিত না হলে, এর পর নিষিদ্ধ হবেন সুব্রায়েন। 

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে জয়ে শুভ সূচনা করেছে প্রোটিয়ারা। শুক্রবার কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত