ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শিশু ধর্ষণ মামলায় হাফিজুর রহমান (৩০) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান আদেশ দেন।
মামলার বিবরণের জানা যায়, ২০১৯ সালের ২ নভেম্বর ফতেপুর গ্রামের ৮ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের বাওড়ের ধারের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী হাফিজুর রহমান। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে ওই দিনই তার পিতা বাদি হয়ে হাফিজুরকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করে।
পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে ওই বছরের ডিসেম্বরে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করে। জরিমানার অর্থ নির্যাতিতাকে প্রদানের নির্দেশ দেন আদালত।