ম্যাচ শেষে রিজওয়ান হাসপাতালে, আজ ফের করতে হবে এমআরআই

প্রতিশোধের মিশন জিতে সেরা হয়েছেন ব্যাটে-বলে অবদান রাখা মোহাম্মদ নেওয়াজ। তবে ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়ায় সবচেয়ে বড় ভূমিকা ছিল উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। ছয়টি চার ও দুইটি ছয়ের মারে ৫১ বলে ৭১ রান করেন তিনি। ম্যাচ জয় শেষে কথা বলেছেন ধারাভাষ্যকারদের সঙ্গেও। তারপরই ছুটে গেছেন হাসাপাতালে।

ভারতের ব্যাটিং ইনিংসে কিপিং করার সময় পাওয়া চোটের কারণে ম্যাচ জয় শেষেই হাসপাতালে যেতে হয়েছে রিজওয়ানকে। নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজসহ পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে রিজওয়ানকে। আজ সোমবার আবার এমআরআই স্ক্যানের জন্য হাসপাতালে যেতে হবে তাকে।

ব্যাট হাতে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলা রিজওয়ান ফিল্ডিং করার সময় খুব বাজেভাবে নিজের ডান পায়ের ওপর ভর দিয়ে পড়ে যান। সেই চোট সামলেই পরে ব্যাটিং করেন এবং দলকে জয়ের ভিত গড়ে দেন। কিন্তু চোটের তীব্রতা বাড়ায় হাসপাতালে ছুটতে হয় তাকে।

রিজওয়ানের সঙ্গে হাসপাতালের এই বেদনাদায়ক সম্পর্ক নতুন কিছু নয়। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে প্রায় দুইদিন হাসপাতালে কাটাতে হয়েছে রিজওয়ানকে। তবু হাসপাতাল থেকে মাঠে ফিরে ৬৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।

এবার হাসপাতালে যাওয়ার আগে ভারতের বিপক্ষে খেললেন ৭১ রানের ইনিংস। যার সুবাদে তিনি ৪৮ ইনিংসের হিসেবে টপকে গেছেন বিরাট কোহলিকে। ক্যারিয়ারের প্রথম ৪৮ টি-টোয়েন্টি ইনিংসে কোহলি করেছিলেন ১৮৫২ রান। রিজওয়ান করলেন ১৮৫৫ রান। সবার ওপরে বাবর আজম। তিনি প্রথম ৪৮ ইনিংস করেছেন ১৯১৬ রান।