সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শুরু হচ্ছে আজ থেকে। প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশের কিশোররা। সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া ম্যাচটিতে প্রতিপক্ষ শ্রীলংকা। স্বাগতিকদের হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করতে চায় লাল-সবুজরা।
৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ মালদ্বীপ ও স্বাগতিক শ্রীলংকা। অন্য গ্রুপে ভারত, নেপাল ও ভুটান। বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি এই দলটি নিয়ে শ্রীলংকা গেছেন। কিশোরদের এই টুর্নামেন্ট থেকে বাফুফেও ভালো একটা ফলাফল আশা করছে।
বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ভারত। এই টুর্নামেন্টের ফাইনাল বাংলাদেশ-ভারত হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের গ্রুপটা অপেক্ষাকৃত কম শক্তিশালী। যে কারণে, এখন থেকে সেমিফাইনালে ওঠাটা বাংলাদেশের জন্য সহজ। তবে যে কোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। একটা ভালো শুরু করতে পারলে দল চাঙ্গা হতে পারে। যে কারণে, শ্রীলঙ্কাকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় পল স্মলির শিষ্যরা।
কোচ পল স্মলিও প্রত্যাশা করছেন, তারা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারবেন। তবে স্বাগতিক দলে শ্রীলংকাকে শক্ত প্রতিপক্ষই ভাবছেন তিনি। অধিনায়ক ইমরান খানও বলেছেন, তারা জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করতে চান।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ৭ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে।