তিনি খেলছেন ভারতীয় দলের হয়ে। আছেন এশিয়া কাপেও। গতকাল রবিবার রাতে পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন একটি উইকেট। বিষ্ণুইয়ের করা অষ্টাদশ ওভারের চতুর্থ বলে আসিফের দেওয়া ক্যাচটিও মিস করেছেন আর্শদ্বীপ সিং। কিন্তু উইকিপিডিয়ার পেইজে তাকে দেখানো হচ্ছে খালিস্তানি হিসেবে। বিষয়টি নজরে আসার পর উইকিপিডিয়াকে তলব করেছে ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
মূলত শিখ সম্প্রদায়ের জন্য একটি পৃথক সার্বভৌম রাষ্ট্রের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী। যারা পৃথক দেশটির নাম দিতে চায় খালিস্তান।
মন্ত্রণালয়ের সচিব অলকেশ কুমার শর্মার নেতৃত্বে একটি দলের উইকিপিডিয়ার নির্বাহী কমিটির সঙ্গে আজই দেখা করার কথা রয়েছে। সেখানে অপ্রয়োজনীয় সম্পাদনা রোধ ও সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলবেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দি ইকোনমিক টাইমসকে বলেছেন, ‘এটি একটি গুরুতর সমস্যা। সম্পাদনাগুলি প্রতিবেশী দেশগুলোর সার্ভার থেকে করা হচ্ছে বলে সনাক্ত করেছি আমরা। ভারতের অভ্যন্তরিণ শান্তি ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ক্ষতি করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আমাদের প্রতিনিধি দল উইকিপিডিয়াকে জিজ্ঞাসা করবে কিভাবে এ ধরনের সম্পাদনা এতদিন ধরেন চলতে পারে?’
রবিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর ভারতের পেসার আর্শদ্বী সিংয়ের উইকিপিডিয়া পেইজে সঠিক তথ্য দিয়ে পরিবর্তন করা হয়েছে। সম্পাদিত জায়গায় এর আগে খালিস্তান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হিসেবে উল্লেখ করা হয়েছিল।
২৩ বছর বয়সী সিং খেলার একটি গুরুত্বপূর্ণ সময়ে একটি ক্যাচ ছেড়ে দিয়েছিলেন। যাকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট ভক্তরা টুইটারে ব্যাপকভাবে সমালোচনা করেছিলেন।