ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ০৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টা ৩২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর বিজি১২৮-এর ওয়াশরুম থেকে বিশেষভাবে লুকায়িত, পরিত্যক্ত অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর কর্মকর্তাগণ। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর যুগ্ম মহাপরিচালক আরেফিন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর মহাপরিচালকের নিকট গোপন সংবাদ আসে যে সংযুক্ত আরব আমিরাত এর আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটিতে (আকাশবীণা) অবৈধভাবে চোরাচালানকৃত স্বর্ণ বহন করা হচ্ছে।
এন প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে কাস্টমস গোয়েন্দা টিম প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিমানের ভেতরে প্রবেশ করে এবং প্রাপ্ত তথ্যানুযায়ী বিমানের ওয়াশরুম থেকে বিশেষভাবে সুকৌশলে লুকায়িত অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করে, যার বাজারমূল্য আনুমানিক ৩,২৪,৮০,০০০ টাকা (তিন কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা)।
এই বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এবং দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর বিধান অনুযায়ী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।