রাজধানী শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে দুই ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোকমারফত খবর পেয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় সনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।