খুব শিগগিরই আসছে নতুন ওয়েব ফিল্ম, চরকিতে। এটি একটি 'অনম বিশ্বাস চলচ্চিত্র'। নাম 'দুই দিনের দুনিয়া'। অবশ্যই একটি অন্যরকম ছবি। আর এ ধরনের অন্যধারার ছবিতেই সাধারণত সুর-সংগীতের কাজ করে থাকেন হালের জনপ্রিয় সংগীত প্রতিভা ইমন চৌধুরী।
ইমন চৌধুরীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি যেদিন থেকে সংগীত জগতে পা রেখেছেন সেদিন থেকেই এই জগতটা যেন তার। তারকাখ্যাতি ছাপিয়ে এখন তিনি নিজেকে অন্য একটি অবস্থানে তুলে নিয়েছেন।
নতুন ওয়েব ফিল্ম 'দুই দিনের দুনিয়া'তে সংগীতসংশ্লিষ্ট সব কাজই করছেন তিনি। সাউন্ড ডিজাইন, অ্যারেঞ্জমেন্ট, ব্যাকগ্রাউন্ড স্কোর, গানের সুর ও সংগীত- সব। আর তার নতুন এই কাজ নিয়েই কথা হয় দেশ রূপান্তরের সাথে।
'অন্যরকম ছবি। আর এটা তো সবারই জানা যে আমি একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। এই ছবিটার সব ধরনের সাউন্ডের কাজ নিয়েও নানা এক্সপেরিমেন্ট করেছি। এমনকি গানের ভয়েসের ক্ষেত্রেও নানা এক্সপেরিমেন্ট করেছি। একটি গান কয়েকজনকে দিয়ে গাইয়েছি। এভাবেই কাজ করে যাচ্ছি। আর এভাবেই কাজ করে যেতে চাই।' ইমন বলেন, 'ঠিক এই মুহূর্তর আমি ছবিটির ট্রেলারের সাউন্ড ডিজাইন করছি। প্রতিবারই আমি আমার আগের কাজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। এটা আসলে ছাপিয়ে যাওয়ার চেষ্টা নয়, এটা হলো নিজেকে বার বার ভাঙা। প্রতিবারই মনে হয় এবার নতুন ধরনের কিছু করতে পারব। কতটা পারি বা না পারি তা অবশ্য শ্রোতারাই ভালো বলতে পারবেন।'
গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ছবিটির পোস্টার শেয়ার করেন ইমন চৌধুরী। লেখেন, এই ওয়েব ফিল্মে আমরা কিছু মজার গান করেছি, আশা করছি খুব শিগগিরই সবাইকে শোনাতে পারব। তিনি জানালেন, ছবিটিতে তিনটি গান আছে। শিল্পী নির্বাচন চূড়ান্ত হয়নি। কথা হচ্ছে অনেকের সাথে। শিগগিরই সবাই জানতে পারবেন, গান শুনতেও পারবেন।
'এক্সপেকটেশনস লেভেল আমার বরাবরই কম।' বললেন ইমন। 'আমি আগে দেখেছি অনেক পরিশ্রম ও মেধা খাটিয়ে কাজ করেছি অথচ মানুষ তা গ্রহণ করেনি। আসলে মানুষ কখন কোন গানটা বা কোন মিউজিকটা পছন্দ করবে তা বলা ও বুঝা মুশকিল। যার জন্য আমার এই প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট। এবং এটা চলতেই থাকবে।'
'দুই দিনের দুনিয়া'র সংগীত নিয়ে আশাবাদী ইমন বললেন, 'আশা করছি ভালো কিছু হবে। মানুষ আশাহত হবে না এই আশা রাখছি। নতুন ধরনের সাউন্ডের টেস্ট পাবে শ্রোতারা।'
এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম চকিতে মুক্তি পেতে যাচ্ছে চরকি অরিজিনাল ফিল্ম 'দুই দিনের দুনিয়া'। অমন বিশ্বাসের এই ছবিটিতে অন্যরকম কোনো গল্প পাওয়া যাবে বলেই মনে করেন সিনেমাসংশ্লিষ্টরা।