ফেনীর সোনাগাজীতে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের অতিরিক্ত টাকা ফেরত পেতে বিক্ষোভ করেছে আল হেলাল একাডেমীর শিক্ষার্থীরা। এ দাবিতে গতকাল সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা জানায়, গত বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ২২০ জন অংশগ্রহণ করে। করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের ৩ বিষয়ে পরীক্ষা হয়েছে। পরে গত বছরের ২৭ অক্টোবর শিক্ষামন্ত্রী ড. দীপু মনি সব বিষয়ে পরীক্ষা না হওয়ার কারণে পরীক্ষার ব্যয় কমে যাওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণে আদায় করা যে অর্থ ব্যয় হয়নি তা ফেরত দেওয়ার নির্দেশ দেন। শিক্ষামন্ত্রীর এ ঘোষণার পর আল হেলাল একাডেমীর গত বছরের এসএসসি পরীক্ষার্থীরা টাকা ফেরত পেতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করেন।
শিক্ষার্থী কামরুল ইসলাম নিশাত, মাহিম, হৃদয়, আমজাদ, ফারদিন, সায়েম বলে, আমরাসহ শতাধিক শিক্ষার্থী টাকা ফেরত পেতে প্রধান শিক্ষক ওমর ফারুকের সঙ্গে অন্তত ১০ বার যোগাযোগ করি। তিনি প্রথমে আমাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরে অসৌজন্যমূলক আচরণ করেন।
গতকাল সকাল থেকে শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের ফটকের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থী সিজান, রবিন, নবনুর, পামেল, সানি, মাহমুদ বলে, কোচিং না করিয়ে আমাদের কাছ থেকে ফি নেওয়া হয়েছে। প্রতি মাসে ফিঙ্গারপ্রিন্টের নামে ২০০ টাকা হারে আদায় করলেও বিদ্যালয়ে ফিঙ্গারপ্রিন্টের কোনো মেশিন চালু নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, যে অর্থ ব্যয় হয়নি তা এখনো বোর্ড থেকে ফেরত আসেনি। ছাত্ররা না বুঝে আমাকে দোষারোপ করছে।
বক্তব্য জানতে আল হেলাল একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল হকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।