বরিশালে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী অচেতন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ৮ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছে। এছাড়া আরও দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দড়িরচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক বলেন, স্কুল শুরুর পর থেকে প্রচ- বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বেলা ১২টার দিকে বিদ্যালয়ের আশপাশে কোথাও বজ্রপাত হয়। আমার জীবনে এত বিকট শব্দ ও আলোর ঝলকানির বজ্রপাত দেখিনি। বিকট শব্দ ও আলোর ঝলকানিতে ৮ শিক্ষার্থী খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। অন্য দুজনের হাত পুড়ে যাওয়ার মতো চিহ্ন দেখা গেছে। আহতদের ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিভাবকরা এসে তাদের বাসায় নিয়ে গেছে। গুরুতর অসুস্থ মো. রবীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে দড়িরচর খাজুরিয়া গ্রামের মো. এরশাদের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘বিকট শব্দে ভয় পেয়ে শিশু শিক্ষার্থীদের খিঁচুনি হয়। এরমধ্যে রবীনের ভয় ও আতঙ্ক না কাটায় তার খিঁচুনি বেশি হয়। তবে চিকিৎসা দেওয়ার পর সে সুস্থ রয়েছে।’