করোনাকালীন বিশেষ রেপো সুবিধা বাতিল

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপো (পুনঃক্রয় চুক্তি) সুবিধা চালু করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপোটির চাহিদা না থাকায় এর কার্যক্রম বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এর কার্যক্রম বাতিল করে একটি নির্দেশনা দিয়েছে।  প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস অতিমারীর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার ও বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপো সুবিধা প্রচলন করা হয়। বর্তমানে কভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপোর কোনো চাহিদা না থাকায় নির্দেশনাটি বাতিল করা হলো। যা এখন থেকেই কার্যকর হবে।

এ ব্যবস্থায় সংবিধিবদ্ধ জমা হারের (এসএলআর) অতিরিক্ত ট্রেজারি বিল ও বন্ড বাংলাদেশ ব্যাংকে জামানত রেখে ৩৬০ দিনের জন্য তহবিল নিতে পারত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এর মাধ্যমে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি তারল্য সুবিধা চালু হয়েছিল। বিশেষ ওই রেপোর আওতায় ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখেই তহবিল নিতে পারত। এরপর এ তহবিল প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ ব্যবসায়ীদের চলতি মূলধন হিসেবে বিতরণ করার ব্যবস্থা ছিল।