টেকনাফে প্রবাসীকে নির্যাতন: ৩ বিজিবি সদস্য প্রত্যাহার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার শামলাপুর শীলখালী চেকপোস্টে আবদুল্লাহ (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীকে নির্যাতনের ঘটনায় বিজিবির তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার মাহফুজুর রহমান। 

এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শীলখালী বিজিবি চেকপোস্টে প্রবাসীকে মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবদুল্লাহ বলেন, কিছু দিন আগে মায়ের মৃত্যুর সংবাদে মালয়েশিয়া থেকে দেশে আসেন তিনি। তার দুই স্ত্রীর একজন টেকনাফে এবং আরেকজন কুমিল্লায় থাকেন। কুমিল্লা থেকে টেকনাফ গিয়েছিলেন মায়ের কবর জিয়ারত করতে। সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া বাসযোগে কক্সবাজার ফেরার পথে শীলখালী চেকপোস্টে বিজিবির এক সদস্য তার দেহ তল্লাশি করেন। তার কাছে কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে ফের উলঙ্গ করে তল্লাশি করা হয়। 

এ সময় বিজিবির সদস্যরা কিছু না পেয়ে তাকে থাপ্পড় মারে। তার কাছে কিছু নেই বললে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। কিছুক্ষণ মারধরের পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে তাকে বল প্রয়োগ করে মলত্যাগ করান। এতেও ইয়াবা না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয়ে আরো মারধর করেন। পরে তিনি অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর তাকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেওয়া হয়। সেই গাড়ি তাকে টার্মিনালে ফেলে যায়, জানান আব্দুল্লাহ।

সেখানে আব্দুল্লাহকে পড়ে থাকতে দেখে শামসুল আলম শ্রাবণ নামে এক পথচারী তিনি তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।