আমদানি করা পেঁয়াজের মান খারাপের কারণে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৭ টাকা করে।
একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ২৬ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৮ থেকে ১৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে নিত্যপ্রয়োজনীয় মসলা জাতীয় দ্রব্য পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার সিরাজুল ইসলাম বলেন, গত সপ্তাহে হঠাৎ করেই পেঁয়াজের বাজার বাড়তে থাকে দাম বেড়ে ২৫/২৬ টাকায় উঠে যায়। এতে করে আমাদের পুঁজি বেশি লাগায় পেঁয়াজ কিনতে যেমন সমস্যা হচ্ছিল তেমনি মোকামে পাঠাতেও সমস্যায় পড়তে হচ্ছিল। আবারও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে ১৮/১৯ টাকায় নেমেছে দাম এতে করে আমাদের কিনতে সুবিধা হয়েছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে বন্দর দিয়ে আমদানি অব্যাহত রয়েছে। তবে গত কয়েক দিন ধরে প্রচণ্ড গরমের কারণে দুই তিন ধরে ট্রাকে ত্রিপল বাধা অবস্থায় থাকায় ভারত থেকে আমদানি করা পেঁয়াজের মান কিছুটা খারাপ বের হচ্ছে পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে কিছুদিনের মধ্যেই ভারতে সাউথের নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করবে।
এর আগেই পুরোনো পেঁয়াজ শেষ করতে হবে যার কারণে কৃষকের ঘরে থাকা ইন্দোর জাতের পুরোনো পেঁয়াজগুলো বাজারে ছেড়ে দিচ্ছে। ভারতের বাজারেই পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম খানিকটা কমছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। গতকাল বুধবার বন্দর দিয়ে ৩১টি ট্রাকে ৯২৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।