৬ সেপ্টেম্বর রাত ৯টা। বাংলা মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'গান' অ্যাপে অবমুক্ত হলো আর্টসেল ব্যান্ডের আনকোরা গান 'হারানো চেতনা'। যেমন হয় আর্টসেলের গান, ঠিক তেমনই। কর্কশ অথচ আনন্দদায়ক, রুক্ষ অথচ মসৃণ। পুরো গানজুড়ে আর্টসেল আর্টসেল গন্ধ। নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রায় লক্ষাধিকবার শোনা হয়ে গেছে আর্টসেলের নতুন গান।
গানটি প্রসঙ্গে কথা হয় ব্যান্ডটির ফ্রন্টম্যান লিঙ্কন ও ড্রামার অ্যান্ড স্পোকসম্যান সাজুর সঙ্গে। সাজু দেশ রূপান্তরকে বলেন, 'যারা নিয়মিত আর্টসেলের গান শোনেন তারা একটা বিষয়ে অভিযোগ করেছেন- আমাদের নতুন এই গানটি নাকি ২০১৬ সালে প্রকাশিত 'অবিমৃষতা'র ছায়া। এই বিষয়ে আমরা আগেই বলেছি। শ্রোতারা নতুন গানের সাথে উল্লেখিত গানের মিল পাচ্ছেন শুধু রিফে। এ ছাড়া অন্য কোথাও কোনো মিল নেই। এর সুর সম্পূর্ণ আলাদা। কম্পোজিশনে তো মিল থাকার প্রশ্নই ওঠে না। আর এ ব্যাপারে আমরা গতকাল লাইভে আরো পরিষ্কার করেছি বিষয়টি।'
সাজু আরো বলেন, 'আর একটা কথা বলা জরুরি- এই গানটিতে আমাদের নিয়মিত গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ অংশ নেননি। তার পরিবর্তে সম্পূর্ণ গানটিতে গিটার বাজিয়েছেন ইকবাল আসিফ জুয়েল (মাইলস)। এ ব্যাপারেও কাল ফেসবুক লাইভে কথা হয়েছে।'
কেমন সাড়া পাচ্ছেন? জানতে চাইলে তিনি বলেন, 'অসাধারণ। একটি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্মে আমরা গানটি প্রকাশ করেছি। যেখানে শুধু গানটা শোনা যাবে- দেখাদেখির কোনো বালাই নাই। তেমন একটি জায়গাতেও গানটি লাখের উপর শোনা হয়ে গেছে। এটা একটা দারুণ ব্যাপার। গানতো আসলে শোনার ব্যাপার, তাই না। আমরাও চাই, মানুষ গান শুনুক। গান কেন দেখতে হবে! দেখার জন্য নাটক, টেলিফিল্ম, সিনেমা এসব আছে। না হয় আমরা গানটা শুধু শুনলামই। এমন একটা অবস্থান থেকেই গান অ্যাপে আমরা আমাদের নতুন গানটি ওপেন করেছি। আমরা চাই শ্রোতারা গানটি শুনুক। এবং গান শুধু শোনার একটা পরিবেশ তৈরি হোক। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।'
সবশেষে গানটির সাথে সংশ্লিষ্ট সবাইকে ও বিশেষ করে শ্রোতাদের ভালোবাসা জানান আর্টসেল স্পোকসম্যান।