ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজশাসক রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে রানীর মৃত্যু হয়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস। এর মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর রাজত্ব আর ৯৬ বছরের বর্ণাঢ্য এক জীবনের অবসান হলো। বাকিংহাম প্যালেস রানীর প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।
বাংলাদেশ: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রানীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
আমেরিকা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দ্বিতীয় এলিজাবেথ ছিলেন রানির চেয়েও বেশি কিছু। তিনি একটি যুগের নির্ধারক। ২০২১ সালে যুক্তরাজ্য সফরের কথা স্মরণ করে বাইডেন বলেন, তিনি আমাদের বুদ্ধির দীপ্তি দিয়ে মুগ্ধ করেছিলেন, উদারতা দিয়ে আমাদের অনুপ্রাণিত করেছিলেন।
কানাডা: কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি ছিলেন মহান ও সুন্দর একজন নারী। তার মতো কেউ ছিল না। তিনি ছিলেন আমার পছন্দের মানুষদের মধ্যে অন্যতম। তাকে মিস করব।
ফ্রান্স: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি এলিজাবেথকে দয়ালু হৃদয়ের রানি হিসেবে আখ্যা দিয়েছেন এবং ফ্রান্সের একজন বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।
নেদারল্যান্ডস: নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার ও রানী ম্যাক্সিমা এলিজাবেথের স্মরণে বলেছেন, তিনি ছিলেন নিজ সিদ্ধান্তে অবিচল ও জ্ঞানী একজন শাসক। তার প্রতি গভীর শ্রদ্ধা।
বেলজিয়াম: বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি ম্যাথিলডি বলেন, তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। রাজত্বজুড়ে তিনি সাহস দেখিয়েছেন।
ভারত: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাজ্য সফরকালে রানীর সঙ্গে স্মরণীয় সাক্ষাতের স্মৃতিচারণা করে শোক জানিয়েছেন।
এ ছাড়াও রানীর মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প।