কুমিল্লার বুড়িচংয়ে জুয়া খেলার সময় পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে মো. মিজান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, শোভারামপুর পূর্বপাড়ার একটি পুকুরপাড়ে কিছু লোকজন জুয়ার আসর বসিয়েছেএমন খবরে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় শোভারামপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে মো. মিজান পালাতে গিয়ে বাড়ির অদূরে রাস্তার পাশের একটি গর্তে পড়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিজানের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
এদিকে মৃত্যুর খবরে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন, এক ব্যক্তি জুয়ার বোর্ড থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।