পাবনাসহ সারা দেশে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করে আসা একটি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত এক সপ্তাহ ধরে ভোলা, সিরাজগঞ্জ, ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান শেষে তাদের আটক করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে ডাকাতিতে ব্যবহৃত ডিএমপি ডিবি পুলিশের পোশাক, হ্যান্ডকাপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার পাবনা পুলিশ সুপার জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মাসুদ করিম (৪৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (৩৩), শরিফুল ইসলাম (৩৮), মাসুদ রানা, মো. হোসেন।
পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, গত ২৫ আগস্ট পাবনার জনতা ব্যাংক কাশীনাথপুর শাখা থেকে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি ৮ লাখ টাকা উত্তোলন করে বাড়ির দিকে রওনা হয়। পথে ঢাকা-পাবনা মহাসড়কে নান্দিয়ারা কবরস্থানের সামনে একটি সাদা মাইক্রোবাস শরিফুলকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে মাইক্রোবাসে তুলে নেয়। পরে চোখ ও হাত-পা বেঁধে টাকা ছিনিয়ে নিয়ে আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরদিন শরিফুল আমিনপুর থানায় বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহারে টানা এক সপ্তাহ তদন্ত করে আন্তঃজেলা ডাকাত চক্রের সন্ধান পায় পুলিশ। কয়েক দফা অভিযানে ভোলা, সিরাজগঞ্জ, ঢাকা ও গাজীপুর থেকে ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।