সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে মানববন্ধনকারীদের লাঠিপেটা করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ‘চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম’ ব্যানারে ওই মানববন্ধন করেন শতাধিক চাকরিপ্রত্যাশী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সোয়া ৪টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়। পরে রমনা অঞ্চলের ডিসি মো. শহীদুল্লাহ ও এডিসি হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বলে। কিন্তু তারা শুনছিলেন না। পরে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে।
চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের নেতা এমএ আলী সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনিসহ বেশ কয়েকজন আন্দোলনকারী পুলিশের হামলায় আহত হয়েছেন।
এদিকে চাকরিপ্রত্যাশীদের এ কর্মসূচির সংবাদ সংগ্রহে গিয়ে একাধিক সাংবাদিক পুলিশের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জানতে চাইলে রমনা জোনের উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, ‘অবরোধ করে অচলাবস্থা সৃষ্টি করছিলেন যারা, তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। অনেক আন্দোলনকারী মারমুখী হয়ে ওঠায় তাদের রাস্তা থেকে জোর করে সরানো হয়। তবে কোনো সাংবাদিকের গায়ে হাত তোলা হয়নি। কোনো খারাপ আচরণের ঘটনা ঘটেনি।’