কলমাকান্দায় সিপিবির বিক্ষোভ সমাবেশে হামলা

নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে পুলিশ ও স্থানীয় ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ সময় সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ডা. দিবালোক সিংহসহ দুপক্ষের অন্তত ১২ জন আহত হয়।

এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। সিপিবির নেতারা হামলাকারীদের  অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

সিপিবি নেত্রকোনা জেলা সভাপতি নলিনীকান্ত সরকার বলেন, ‘পূর্বনির্ধারিত জনসভায় সিপিবি নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশ চত্বরে হামলা চালায়। এ সময় তারা চেয়ার ও মাইক ভাঙচুর করে। হামলা প্রতিহত করে আবার জনসভা শুরু করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার হামলা করে।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় হামলার সময় সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য দিচ্ছিলেন। তখন পুলিশও সিপিবির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলার ছবি তোলার সময় অনেকের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।’

এ বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘পূর্ব নির্ধারিত সমাবেশে ছাত্রলীগ-পুলিশের হামলা ও লাঠিচার্জে ১০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন। তারা সভাস্থলে হামলা করে মঞ্চ ও চেয়ার ভা‘চুর করে। হামলার পর খালি গলায় বক্তব্য দিতেও বাধা দেওয়া হয়েছে।’

কলমাকান্দা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস বলেন, ‘আমাদের লোকজন তাদেরকে সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে নিষেধ করেছে। তারা আমাদের কথা (সিপিবি) না শুনে বক্তব্য দিতে থাকে। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটে। এতে ওলামা লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও ছাত্রলীগের আকাশ আহত হয়।’