কুষ্টিয়ায় মোটরসাইকেল ‘রেসে’ প্রাণ গেল ৩ যুবকের

কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ে রেস করতে গিয়ে সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিপ্লব নামে আরও এক যুবক আহত হয়েছেন। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২১), কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২২) ও মনোহর শেখের ছেলে রাহুল (২২)। গুরুতর আহত শহরতলীর চেড়হাস এলাকার বিপ্লবকে (২০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা দুই মোটরসাইকেলযোগে ৪ যুবক বেপরোয়া গতিতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এসে দুই মোটরসাইকেল একে অপরের সঙ্গে ধাক্কা লেগে সড়কে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও এক যুবক।