ছুরিকাঘাতে অ্যাম্বুলেন্স চালক নিহত, গ্রেপ্তার ৩

বগুড়ায় গাড়ি পার্কিংকালে লুকিংগ্লাস ভাঙার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন অ্যাম্বুলেন্স চালক জহুরুল ইসলাম (৪৫)। এঘটনায় রাতেই জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া সদরের চককান পাড়ায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) শাজাহানপুর থানায় নিহতের ভাই বাকিরুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও ৩/৪জন অজ্ঞাতসহ মামলা করেছেন।

নিহত জহুরুল ইসলাম (৪৫) শহরের চককানপাড়ার আ.কুদ্দুসের ছেলে। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। গ্রেফতাররা হলেন, একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আ. সালাম সেলিম (৪৩), মৃত আফতাব শেখের ছেলে হারুন প্রাং (৫০) ও আ. সালাম সেলিমের ছেলে মো. সাদিক (২০)। তারা সবাই এজাহারভুক্ত আসামি।

কৈগাড়ি পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়, চককান পাড়া এলাকায় প্রাইভেট কার পার্কিং করার সময় লুকিং গ্লাস ভেঙ্গে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জহুরুলের সাথে প্রতিপক্ষের তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে জহুরুলকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জহুরুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কৈগাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুর্শিদুল হাসান খান বলেন, নিহত জহুরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।