প্রায় আড়াই সপ্তাহ হয়েছে তার নতুন ছবি 'লাইগার' মুক্তি পেয়েছে। তাতে বক্স অফিসে উষ্ণতা ছড়াতে ব্যর্থ হয়েছেন তাতে কী! ইতালির নীল জলের পাশে ছুটি কাটাতে গিয়ে দেদার উষ্ণতা ছড়াচ্ছেন অনন্যা পাণ্ডে। সে সব ছবিই নেটে মেলে ধরেছেন চাঙ্কি পাণ্ডের কন্যা।
ইনস্টাগ্রামে খোলামেলা দেখা গেল অনন্যাকে। কখনো তিনি সমুদ্রছোঁয়া বিলাসী বোটে রোদ পোহাচ্ছেন। কখনো বা সুইম স্যুটে নীল জলে ডুব দিয়েছেন। ডুব-খেলা শেষে নিজেকে শুকিয়ে নিয়েছেন সিঁড়িতে দাঁড়িয়ে। প্রাকৃতিক গুহার ভেতরে গিয়েও গা ভাসিয়েছেন জলে। প্রায় প্রতিটি ছবিতেই অনন্যাকে ছুঁয়ে গিয়েছে রোদের কিরণ।
প্রকৃতির কোলেই নিজেকে যেন আপন করে নিয়েছেন ২৩ বছর বয়সী এই নায়িকা। তেমনই সেজে উঠেছেন তিনি। রুপালি পর্দার বাইরে এসে নামমাত্র রূপটানের ছোঁয়া তার চোখেমুখে। ঠোঁটে গোলাপি রঙের আভামাত্র। তবে অঙ্গে হালকা গয়নাও চাপিয়েছেন। 'ইভিল আই' থিমের গয়নায় তা সহজেই নজর কাড়ছে।
ইতালির কোথায় ছুটি কাটাচ্ছেন 'লাইগার'-এর নায়িকা? সে কথা অবশ্য এসব ছবিতে খোলাসা করেননি। তবে ইনস্টাগ্রামের একগুচ্ছ ছবির নিচে একটি ক্যাপশনে লিখেছেন, 'বোট ডে!!!! নীল গুহায় সাঁতার কাটলাম, হৃদয়ের আকারের গুহা দেখলাম। আর 'সুরজ কি বাহোঁ মে' লুপে চালিয়ে রাখলাম।'
ছুটি কাটাতে গিয়েও তিনি শুনে চলেছেন বলিউডের ছবির গান। তবে নিজের ছবির নয়। জোয়া আখতারের 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবির গানেই ডুব দিয়েছেন অনন্যা, বার বার শুনছেন। সূত্র : পিঙ্কভিলা, ইনস্টাগ্রাম