সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল রহমান বাচ্চুসহ পাঁচ নেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গত শুক্রবার বিকেলে ঢাকার আদাবর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার অন্য নেতারা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট এবং কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবীর চান্দু।
সিরাজগঞ্জ জেলা ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে। এরপর তাদের গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে।
এর আগে গত ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষে ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মীর নামে মামলা করে। পুলিশ এ মামলায় তাদের গ্রেপ্তার করে।